ডিএনসিসির অর্থবছরের সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
- আপডেটের সময়: ১২:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 77
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন বাজেট গত অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান-২ নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। এবার তা কমিয়ে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেটের আয়-ব্যয়ের সারসংক্ষেপ তুলে ধরে প্রশাসক জানান, নতুন অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতি জমা ৬৬০ কোটি টাকা, রাজস্ব আয় ২ হাজার ৫৩১ কোটি টাকা, আবর্তক খাতে সাহায্য ও মঞ্জুরি ২১৫ কোটি টাকা, সরকারি উন্নয়ন অনুদান ১৫০ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ৯৬৫ কোটি টাকা ধরা হয়েছে।
তিনি আরও জানান, ব্যয়ের মধ্যে রয়েছে রাজস্ব ব্যয় ১ হাজার ৭৭ কোটি টাকা, নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তায় উন্নয়ন ব্যয় ৮৩ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে উন্নয়ন ব্যয় ৯৬৫ কোটি টাকা, অন্যান্য ব্যয় ৭ কোটি টাকা এবং সমাপনী স্থিতি ৪২৭ কোটি টাকা।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নতুন বাজেটে রাজস্ব আয় ২ হাজার ৫৩১ কোটি টাকা এবং নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।





















