সাউথইস্ট ব্যাংকের পর্ষদের পরিচালক ওয়েলডান অ্যাপারেলের শায়লা বানু ঝুমুর
- আপডেটের সময়: ১২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 18
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নমিনি পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন মিসেস শায়লা বানু ঝুমুর।
ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে পর্ষদে যোগদান করেন।
মিসেস ঝুমুর কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।
তিনি একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠানটি এমঅ্যান্ডএইচ গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনশিল্প পরিচালনা করে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান তাঁর পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।বিভিন্ন দেশে ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে, যা করপোরেট সুশাসন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া তিনি নাগরিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি এবং গুলশান জগস সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।














