অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান
- আপডেটের সময়: ০৭:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 4
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মদ।
২৩ নভেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপব্যবস্থাপনা পরিচালকগণ, মহাব্যবস্থাপকগণ, বিভিন্ন ডিভিশনের উপমহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় নূর মোহাম্মদ বলেন, ৯৭৯টি শাখা ও প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারীর বিশাল প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের রয়েছে বিপুল সম্ভাবনা। সবাই একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করলে ব্যাংকের অতীত সুনাম ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব।
এ লক্ষ্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আধুনিক ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় এবং সর্বোপরি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যবসা উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি।অগ্রণী ব্যাংকে যোগদানের আগে নূর মোহাম্মদ যমুনা ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কর্পোরেট বিজনেস এবং ওয়ান ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবনের সূচনা হয়।
ব্যাংক ও আর্থিক খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নূর মোহাম্মদের কর্পোরেট ও এসএমই ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং অনাদায়ি ঋণ আদায়ে অভিজ্ঞতা রয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।




















