ইবনে সিনা ফার্মার ৪২তম বার্ষিক সাধারণ সভায় ৭৭% নগদ লভ্যাংশ অনুমোদন
- আপডেটের সময়: ০১:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, স্ট্যাটিউটরি অডিটর, কমপ্লায়েন্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়।
সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ৭৭% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
সভায় রোটেশন পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব অধ্যাপক এ এন এম এ জাহের এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানি ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত ২৪৮,৭৭,৫৭,৬৩১ (দুইশত আটচল্লিশ কোটি সাতাত্তর লক্ষ সাতান্ন হাজার ছয়শত একত্রিশ) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বিদ্যমান শ্রম আইনের আলোকে কোম্পানি মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৫,২৯,৭৯,৯০৪/- (পাঁচ কোটি ঊনত্রিশ লক্ষ ঊনআশি হাজার নয়শত চার) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।
পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




















