নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে সমাবেশ শিক্ষক-শিক্ষার্থীদের
- আপডেটের সময়: ০২:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 223
জাননাহ, বিশেষ প্রতিনিধি
দেশব্যাপী নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে শিক্ষক নেটওয়ার্কের উদ্যোগে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশ শুরু হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ মূলত নির্যাতন করে ক্ষমতার বিস্তারের জন্য। মানুষ জানে নারী নিপীড়ন করলে শান্তি হয় না, বরং সমাজ সেটাকে নরমালাইজ করে। এজন্য দেশে নারী নিপীড়ন সাংঘাতিকভাবে বেড়ে গেছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিক ড. সামিনা লুৎফা বলেন, ‘ঢাবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিচার দাবি করছি। একইসঙ্গে যারা ওই শিক্ষার্থীকে বুলিং ও সাইবার আক্রমণের শিকার করিয়েছেন এবং ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
ড. সামিনা লুৎফা আরও বলেন, ‘আমরা দেখেছি যে এর আগেও শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন তুলে সারা ক্যাম্পাসকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল প্রশাসন থেকে, যা নাগরিকের প্রতিবাদের মুখে তারা তুলে নিতে বাধ্য হন। কিন্তু আজ যখন নিজের প্রতিষ্ঠানেরই এক কর্মচারীর দ্বারা নিপীড়নের শিকার হন শিক্ষার্থী তখন প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়।’
তিনি বলেন, ‘আশা করি প্রশাসন খতিয়ে দেখবে যে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলাকায় নিরসনযোগ্য একটি সমস্যাকে শাহবাগ থানায় পাঠিয়ে বাইরের লোকের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে ফেলার কোনো বয়ান নির্মাণের জন্য প্রয়োজন হয়ে পড়েছে।’
এদিকে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন। তারাও সারাদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন এবং ধর্ষকের ফাঁসি দাবি করেছেন।



























