বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাপান উৎসব ২০২৬
- আপডেটের সময়: ০৮:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 73
জাপানের সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জাপান ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে ডিআইইউ ও বাংলাদেশে জাপান দূতাবাসের যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে জাপানের সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উৎসবে জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ইকেবানা, অরিগামি ও চপস্টিক ব্যবহারের কর্মশালা, জাপানি খাবার, অ্যানিমে, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও দর্শনার্থীরা জাপানি সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প ও কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদও দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান মি. আওয়াগি ইউ এবং একই বিভাগের সাংস্কৃতিক বিশেষজ্ঞ কাজী বুশরা আহমেদ তিথি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য শাহিনুর বেবি এবং নিহন জাই বাংলাদেশের প্রতিনিধি কাজী এম. নূর উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির উৎসবের বিভিন্ন স্টল ও কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জাপান দূতাবাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ড্যাফোডিল জাপান আইটি, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস, অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং আয়োজক কমিটির প্রতি উৎসব আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।
উৎসব শেষে জাপান দূতাবাসের প্রতিনিধিদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত জাপান স্টাডি সেন্টার পরিদর্শন করেন। এ সময় জাপানি সংস্কৃতি শেখা, শিক্ষাবিষয়ক তথ্য বিনিময় এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বাড়াতে কেন্দ্রটির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কেন্দ্রটির ভবিষ্যৎ কার্যক্রম, উন্নয়ন ও দুই দেশের মধ্যে ধারাবাহিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
জাপান ফেস্টিভ্যালের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি ভাষা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে জাপানের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশে জাপান দূতাবাসের যৌথ আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ড্যাফোডিল জাপান আইটি, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস ও অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতা ও অংশগ্রহণে এ উৎসব আয়োজন করা হয়।
জাপান ফেস্টিভ্যাল ও জাপান স্টাডি সেন্টারের মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা সম্পর্কে জানার সুযোগ তৈরি হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।





















