ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ
- আপডেটের সময়: ০৭:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 4
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিলিভার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটি খাতে ২০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিষ্ঠানের করপোরেট সুনাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।
ইউনিলিভার বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস পদে কর্মরত ছিলেন তিনি।
শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
নতুন নিয়োগ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। তাঁর নেতৃত্বে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং অংশীজনেরা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করছে ইউনিলিভার বাংলাদেশ। দেশের উন্নয়নেও প্রতিষ্ঠানটি অবদান রেখে চলেছে। শহীদুল ইসলামের নিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীজন ব্যবস্থাপনা, করপোরেট সুনাম বৃদ্ধি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে ইউনিলিভার বাংলাদেশ।




















