ঢাবিতে শুরু হলো চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন
- আপডেটের সময়: ০৫:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 33
ডিজিটাল প্রযুক্তি এবং পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতির মাধ্যমে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক আদান-প্রদান ও আঞ্চলিক সহযোগিতার ওপর আলোকপাত করে দুই দিনব্যাপী ‘চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন’ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোকপ্রশাসন বিভাগ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
এতে সহযোগিতা করেছে চীনের ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউইএসটিসি)-এর লোকপ্রশাসন বিভাগ, চীনের কোঙ্গা টিভি (Konga TV) এবং নেপালের হিমালয় টেলিভিশন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তাইবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউইএসটিসি-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নেপালের হিমালয় টেলিভিশনের সিইও শ্যাম কাডেল।
এছাড়া অনুষ্ঠানে দুই দেশের আলোকচিত্রীদের তোলা ছবি প্রদর্শিত হয়।




















