স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
- আপডেটের সময়: ০২:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 217
জাননাহ, বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে এ দাবি জানান তারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছায়।
এই মিছিলে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো প্রতিরোধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছেন না, মানুষ আতঙ্কবোধ করছেন। এমন পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।
এ সময় ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয় মিছিল থেকে।



























