ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১২:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / 346
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কুরআনে হাফেজ শিক্ষার্থীরা কুরআন শরিফের বিভিন্ন পারা পাঠ করেন। খতম শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম বলেন, “আন্দোলনের একজন সহযোদ্ধা ও পবিত্র কুরআনের একজন হাফেজ হিসেবে, সবসময়ই ইচ্ছা ছিল শহীদ ভাইদের জন্য কিছু করার। বিশ্ববিদ্যালয়ে অনেক কুরআনে হাফেজ রয়েছেন। তাদের নিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ নিয়েছি।”
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং আরেক আয়োজক আবদুল আহাদ বলেন, “শহীদ হওয়া ভাই ও বোনেরা দেশ, জনগণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের অবদান স্মরণে প্রতিবছর এই আয়োজন চালিয়ে যাব। অন্তত এই আয়োজনের মাধ্যমে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা বেঁচে থাকবে।”



























