বাংলা নববর্ষে এবারের প্রতিপাদ্য ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’
- আপডেটের সময়: ১২:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / 484
জাননাহ, ঢাবি প্রতিনিধি
আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ-১৪৩০ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
এ সভায় নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিংয়ের জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মুখে কোনো মুখোশ পরা যাবে না এবং সাথে ব্যাগ বহন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বানানো মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।
বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি’র কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সভা শেষে জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের করা হবে। মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।
জানানো হয়, ক্যাম্পাসে নববর্ষের দিন সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে অপরাহ্ন ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে।
নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোন ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।



























