গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
- আপডেটের সময়: ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 275
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু ও সাংবাদিক রয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন খাদ্য সহায়তা নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল-কুদস হাসপাতালের পাশের তাঁবুতে গোলাবর্ষণে আগুন ধরে যায় এবং রিমাল এলাকার একটি আবাসিক ভবনে হামলায় পাঁচজন নিহত হন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেছেন, ইসরায়েল আবাসিক এলাকায় বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং গত তিন সপ্তাহে কমপক্ষে ৮০টি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি একে ‘ভূমি পোড়াও নীতি’ বলে আখ্যা দেন।
এদিকে, রবিবারের হামলায় আল-কুদস আল-ইয়াওম টিভির সাংবাদিক ইসলাম আবেদ নিহত হন। গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২৪৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্য হিসাবে এই সংখ্যা ২৭০ জনেরও বেশি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জন আটক হয়েছিলেন।
ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির জানিয়েছেন, গাজায় আরও হামলার নির্দেশ দেওয়া হয়েছে এবং নতুন করে বহু রিজার্ভ সেনা ডাকা হয়েছে। অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা সিটিতে ইসরায়েলের দুটি সামরিক যানবাহনে হামলা চালিয়েছে।



























