দেশে অশিক্ষিত ১.২৫ ও উচ্চশিক্ষিত বেকারত্ব ১৩.৫৪ শতাংশ : ঢাবি উপাচার্য
- আপডেটের সময়: ০৮:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 2
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১ দশমিক ২৫ শতাংশ। অথচ উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। একদিকে আমাদের লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, আমাদের শিল্প এবং সেবা খাতের কারিগরি এবং প্রকৌশল পদের ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে। এর অর্থ হলো : আমাদের শ্রেণি কক্ষের পাঠদান এবং শিল্প প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মধ্যে এক বিশাল শূন্যতা বিরাজ করছে।
২২ নভেম্বর (রোববার) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর যৌথ উদ্যোগে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন : সরকারের নীতি এবং
ঢাবির অবস্থান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন ধারার কর্মসংস্থান তৈরি করবে। এই নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে আমাদের উচ্চশিক্ষার আমূল পরিবর্তন দরকার।
আধুনিক পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আমাদের আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতু বন্ধন তৈরি, শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত এবং প্রবাসী বাংলাদেশী শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে সংযুক্ত করতে হবে।
তিনি বলেন, মৌলিক এবং প্রায়োগিক গবেষণার মাধ্যমে আমাদের নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ এবং অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান এবং সক্ষমতাকে কাজে লাগাতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের উপর জোর দেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী-সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশ্বের উন্নত দেশসমূহের মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।



















