ঢাবিতে এআই বিষয়ক কর্মশালা, ১৮ হলে প্রশিক্ষণের ঘোষণা
- আপডেটের সময়: ০৭:৫২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 137
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে ধারাবাহিক কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল অডিটোরিয়ামে ‘এআইকে সহজভাবে বোঝা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকার।
কর্মশালায় জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ‘আমরা জাতীয় ছাত্রশক্তি যে আদর্শ লালন করি, তা হলো বাংলাদেশপন্থা। আমরা চাই, আমাদের দেশের তরুণরা দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে। এই লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এ ছাড়া সামনের দিনগুলোতে গবেষণা পদ্ধতি নিয়েও এ ধরনের আয়োজন করতে আমরা আগ্রহী।’
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘আমরা যে সময়ে বসবাস করছি, তাকে উত্তর-স্বাভাবিক সময় বলা হয়। এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমি মালয়েশিয়ায় দেখেছি, সেখানকার সব রাজনৈতিক দলেরই গবেষণা শাখা রয়েছে। আমাদের দক্ষিণ এশিয়ার নেতৃত্বে আসতে হলে এ ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের কাছে অন্যান্য দেশের তুলনায় অনেক সম্পদ ও সম্ভাবনা বিদ্যমান।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি ‘সি’ ধারণ করার পরামর্শ দেন ড. আতিকুর রহমান। এগুলো হলো কান্ট্রি, কনফিডেন্স ও কারেজ। তিনি বলেন, ‘প্রথম সি হলো কান্ট্রি। দেশকে সবার আগে আমাদের দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় সি হলো কনফিডেন্স। আমাদের আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। তৃতীয় সি হলো কারেজ। আমাদের সাহসী হয়ে উঠতে হবে।’
কর্মশালায় জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ, জোনাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব ও মো. জহির রায়হান, দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ, কবি জসীম উদ্দীন হল ছাত্রশক্তির আহ্বায়ক নুরুল ইসলাম নাহিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















