MHDC DIALEXIS 1.0: চ্যাম্পিয়ন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব
- আপডেটের সময়: ০৫:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 465
বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হল ডিবেটিং ক্লাব ও হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের যৌথ আয়োজনে ‘MHDC DIALEXIS 1.0’ শীর্ষক ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি (BP) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে উক্ত ক্লাবের বিতার্কিক রিদওয়ান মুহসীন ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ এবং ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
এছাড়া প্রতিযোগিতার অন্যান্য ফাইনালিস্ট ক্লাব ছিল এথেনিয়াম ডিবেট ফোরাম (ADF), বিতর্ক—একটি তার্কিক সংগঠন (BETS) এবং শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব (SHDC)।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদ আরমান নাফিস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, হল ডিবেটিং ক্লাবের মডারেটর হারুন-অর-রশিদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রাগীব আনজুম এবং হল সংসদের এজিএস আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি হল ও বিভাগভিত্তিক বিতর্ক দল অংশগ্রহণ করে। একইসঙ্গে MHDC DIALEXIS 1.0-এর আওতায় সোহাদ স্মারক বই পড়া প্রতিযোগিতা, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ‘জুলাই স্মৃতি কথন’, এবং গণরুম, গেস্টরুম ও জুলাই বিপ্লবভিত্তিক অভিজ্ঞতা কথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।



























