অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন আসিফ মাহমুদ, ৪৬ বিসিএসের লিখিত স্থগিত
- আপডেটের সময়: ১২:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 244
জাননাহ, বিশেষ প্রতিনিধি
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া পিএসসি সংস্কারের ৮ দফা দাবিতে চাকরি প্রত্যাশীদের শাহবাগ ব্লকেডের পর পিএসসি সংস্কার কমিশনও গঠন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে এ ব্লকেড শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। এতে শাহবাগ মোড় দিয়ে চত্বরের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে রাত সাড়ে আটটার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় পিএসসির সদস্য জহিরুল হক ভূইয়াসহ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পরে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয় এবং সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়।
পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ৮দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
এর আগে সড়কের চারদিকে অবস্থান নিয়ে তারা ‘এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার’ ‘জুলাইয়ে অঙ্গীকার’ ইত্যাদি স্লোগান দেন।
সংস্কারপ্রত্যাশীদের আট দফা দাবি হলো-
১. ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আগে প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা এবং ভবিষ্যতে ৪৬ বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা হবে না, তার নিশ্চয়তা দেওয়া।
২. ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করা এবং প্রিলি, লিখিত ও ভাইভার প্রাপ্ত নম্বর প্রকাশ করা ও লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন প্রকাশ করা।
৩. সব বিসিএসের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা। জুলাইয়ের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে ভাইভা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করা।
৪. দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যার সীমা ২৫-৩০ জনে উন্নীত করা।
৫. লিখিত খাতার মূল্যায়নে গতি বাড়ানো, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা।
৬. পদের অপচয় রোধে ৪৪তম বিসিএসের ক্ষেত্রে ভাইভা শেষ হওয়ার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ দেওয়া। ৪৫ থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার আগে আবার ক্যাডার চয়েজ পূরণের সুযোগ দেওয়া এবং পরবর্তী বিসিএসগুলো থেকে প্রিলিমিনারির আগে ক্যাডার পছন্দ না নিয়ে শুধু ভাইভার আগেই ক্যাডার পছন্দের সুযোগ দেওয়া।
৭. সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছ করা, ভেরিফিকেশনের হয়রানি কমাতে ব্যবস্থা নেওয়া এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করা।
৮. ৪৪তম বিসিএসের ক্যাডারের পদ বাড়ানো এবং নন ক্যাডার বিধি সংস্কার করে ভাইভা উত্তীর্ণ সবার ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করা।
এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আওরঙ্গজেব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. সিরাজুস সালেহীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন।



























