কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি, অনশনে বাগছাস
- আপডেটের সময়: ০৬:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 277
জাননাহ, বিশেষ প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় “ব্লকেড” কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
এছাড়া একই দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কর্মীরা অনশন শুরু করেছেন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বাগছাসের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে আসেন তারা।
এ সময় দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘কুয়েট ভিসি চাই কী,গোলামি আর দালালি’, ‘দালালি আর করিস না,পিঠের চামড়া থাকবে না’ প্রভৃতি স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, কুয়েট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। কুয়েট ব্যর্থ হলে একই ঘটনা সারাদেশে নেমে আসতে পারে। প্রশাসনকে বলছি, অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার করুন। দালাল উপাচার্যকে অপসারণ করুন। পাশাপাশি অন্যায় মামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেলে কুয়েটের ঢাকাস্থ সাবেক শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবে শাহবাগ মোড়ে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেন।
তখন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এতে কুয়েটের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। তারা ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এবং ৫ মিনিটের ব্লকেড কর্মসূচি পালন করেন।
কুয়েটের সাবেক শিক্ষার্থী মাহি বলেন, “আমাদের জুনিয়রদের ওপর ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা হামলা করেছিল। কিন্তু তার ফলশ্রুতিতে উল্টো শিক্ষার্থীদের নামে ২২টি মিথ্যা মামলা ও ২০টি অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে। ৩৭ জনকে বহিষ্কার করে ভিসি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছেন। আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না।
ঢাবির শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, কুয়েটের ভিসি মাছুদ একজন দলকানা, অর্থলোভী, অযোগ্য ব্যক্তি। তার আমলে ক্যাম্পাসে গ্যাঞ্জামের ঘটনায় শিক্ষার্থীরা মার খেয়েছে, অথচ উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। ভিসির এত ক্ষমতা যে, তার প্রভাব সুদূর লন্ডন পর্যন্ত বিস্তৃত।
এদিকে একই দাবিতে মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে প্রতীকী অনশনে বসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় ও ঢাবি শাখার অন্তত ১৫ জন নেতাকর্মী।
পরবর্তীতে দিবাগত রাত ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই অনশন শুরু করেন। বুধবার সকাল ১০টার দিকে দেখা যায়, তারা রাজু ভাস্কর্যে ব্যানার বিছিয়ে শুয়ে-বসে অবস্থান করছেন।



























