নববর্ষের আনন্দ শোভাযাত্রাকে নস্যাৎ করার প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- আপডেটের সময়: ১২:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 256
জাননাহ, বিশেষ প্রতিনিধি
নববর্ষের আনন্দ শোভাযাত্রাকে নস্যাৎ করার প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আহ্বায়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল এবং সদস্য সচিব অধ্যাপক কাওসার হাসান টগর উপস্থিত ছিলেন।
অধ্যাপক কাওসার হাসান টগর তার বক্তব্যে বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ গোষ্ঠীর সরাসরি হস্তক্ষেপে গভীর রাতে নির্মিতব্য- প্রতীকী ফ্যাসিবাদী মুখাবয়বে আগুন ধরিয়ে দেয়। পাশে থাকা শান্তির প্রতীক কবুতরের মোটিভটিও পুড়ে যায়। আমরা চারুশিল্পীরা এতে দমে যাইনি। বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি। পহেলা বৈশাখ সকাল ৮টায় আপনারা এই শোভাযাত্রায় উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করবেন।
এর আগে শনিবার (১২ এপ্রিল) ভোরে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় আগুন দেয় মুখোশধারী এক দুর্বৃত্ত। যদিও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।



























