শহীদ দিবস উপলক্ষে ঢাবির নানা কর্মসূচি, যান চলাচল থাকবে নিয়ন্ত্রিত
- আপডেটের সময়: ১১:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 416
জাননাহ, বিশেষ প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পাশাপাশি দিবসটিকে কেন্দ্র করে ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল থাকবে নিয়ন্ত্রিত ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে :
উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আছর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সব হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত বা প্রার্থনা।
এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য সকাল সোয়া ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শহীদ দিবস উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ২০ ফেব্রুয়ারি রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।
ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।



























