ডাকসু ভবনে হবে জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা
- আপডেটের সময়: ১০:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 338
জাননাহ, ঢাবি প্রতিবেদক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, ঘড়ি, জুতা, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলম, ব্যাগ, পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল সেট, লেখা, ডাইরিসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এ সংগ্রহশালায় স্থান পাবে।
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্যসহ তাদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ৭ জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অফিসে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



























