ইবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে উত্তাল ইবি
- আপডেটের সময়: ০৮:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 184
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি জিয়ামোড়ে আসলে শাখা ছাত্রলীগের কার্যালয় ভাংচুর করেন বিক্ষোভকারীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেয়।
এর একঘন্টা পর প্রক্টরিয়াল বডির আশ্বাসে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে একটি প্রতিনিধি দল পাঠায়। এসময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে আবাসিক হলসমূহ খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এদিকে আন্দোলনকারীরা বটতলা প্রাঙ্গণে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা নামাজ আদায় করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের এক দফা দাবিতে এখনও অনড় আছি। আন্দোলনকে রুখে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হুট করেই একরাতের মধ্যেই হল বন্ধের নির্দেশ দিয়েছে। হল ছেড়ে আমরা এখন যাবো কোথায়। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। এছাড়া শিক্ষার্থীরা উপাচার্যকে বৃহস্পতিবার সকালের মধ্যে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধ করা হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষে ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিব।



























