হামলার তিন দিন পরও বেন্দারচরে ফেরেনি স্বাভাবিক জীবন
- আপডেটের সময়: ০২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 14
হামলা ও অগ্নিসংযোগের পর তিন দিনেও নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে স্বাভাবিক জীবন ফেরেনি। দিনে পোড়া ভিটায় ফিরলেও রাত নামলেই আতঙ্কে গ্রাম ছাড়ছেন নারী ও শিশুরা। পুলিশি পাহারা থাকার পরও ভয় কাটছে না ক্ষতিগ্রস্তদের।
সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি গলিতে পোড়া ঘরের কালো দাগ। কোথাও দেয়াল ভাঙা, কোথাও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে, কোথাও লুট হয়ে যাওয়া ঘরে তালা ঝুলছে। গ্রামের প্রবেশমুখে ও ভেতরের মোড়ে পুলিশ ও এসআরবি সদস্যরা টহল দিচ্ছেন। গ্রামে এখন পুরুষদের উপস্থিতি খুব কম। বেশির ভাগ বাড়িতে শুধু নারীরা পোড়া ঘর পরিষ্কার করছেন আর ভেজা চোখে হারানো সংসারের হিসাব মেলাচ্ছেন।
বেন্দারচর গ্রামের ক্ষতিগ্রস্ত আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম নিজের পোড়া একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, ‘ছয়টা ঘর আছিলো, একটাও বাদ রাখেনি। রান্নাঘর, গোয়ালঘর, খড়ের পালা—সব পুড়াই দিছে। যা পারছে নিয়া গেছে, বাকিডা আগুনে দিছে। আমি একলা মেয়ে মানুষ, এখনো ডরে আছি।’

তিনি জানান, গত রাতেও তার ঘরের গ্রিল ভাঙার শব্দ পেয়েছেন। লাইট নিয়ে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গ্রামের আরেক ক্ষতিগ্রস্ত নারী পারভিন বেগম বলেন, ‘রাতে বাড়িতে থাকার মতো সাহস নাই। মহিলারা কেউ নিরাপদ না। ভয়ে ভয়ে দিন কাটতিছে।’
পিকলু বিশ্বাসের স্ত্রী অভিযোগ করেন, তাদের টাকা-পয়সা ও মালামাল সব লুট হয়ে গেছে। পুলিশ আসার পর ভয় কিছুটা কমলেও পুরোপুরি নিরাপত্তা ফেরেনি।
স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিকভাবে হামলা চলে। এতে ৬০টিরও বেশি ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ঘরে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনা ও পরবর্তী ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সাবেক এমপির আত্মীয়-স্বজনদের ৫-৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্ত হওয়ার খোঁজ আমরা পেয়েছি। সবকিছু আমাদের তদন্তের মধ্যে আছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করলেও বিএনপি নেতারা তা অস্বীকার করেছেন। কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, বাইরের বিক্ষুব্ধ লোকজন কিছু ভাঙচুর করেছে। এখন পরিস্থিতি শান্ত, কোনো গোলযোগ নেই।
অন্যদিকে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুর ইসলাম মিলু জানান, বুধবার (১৮ নভেম্বর) তাদের মিছিলে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। ওই হামলায় তাদের দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম মারা যান। তারা শোকাহত, তবে ভাঙচুরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।




















