কৃষি সেক্টরে অস্থিরতা, ফ্যাসিস্টের দোসর প্রকল্প পরিচালকদের রক্ষায় সক্রিয় একটি চক্র
- আপডেটের সময়: ১০:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 189
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের উন্নয়নের সাথে কৃষির উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি সরকার কৃষি সেক্টরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তার নির্বাচনী মেনুফেস্টো প্রণয়ন করেছে। সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋন মওকুফ, পর্যাপ্ত সার সরবরাহ, কৃষক কার্ড প্রদান সহ কৃষকদের উন্নয়নে ব্যপক পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন গনতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার।
মাঠে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের ষড়যন্ত্রের কারনে কৃষক সার পাচ্ছেনা। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় এ ব্যাপারে প্রমান পেয়ে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা শুরু করা হয়েছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংস্থায় ঘাটি গেড়ে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের অতীত কর্মকান্ডের আমলনামা পর্যালোচনা শুরু করেছে কৃষি মন্ত্রণালয়।
সম্প্রতি বিএনপি পন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর নেতৃবুন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ফ্যাসিস্টের দোসর কর্মকর্তাদের অপসারনের দাবি জানান। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১১ টি প্রকল্পের পিডি পরিবর্তনের প্রস্তাব প্রেরণের ব্যাপারে এ্যাব এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব জানান যে, এই প্রস্তাব প্রেরণের এখতিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের। এর সাথে এ্যাবের কোন সংশ্লিষ্টতা নেই। প্রস্তাব প্রেরনের পূর্বে এ্যাবের সাথে এ ব্যাপারে কোন আলোচনা হয়নি। তাছাড়া প্রেরিত প্রস্তাবে ফ্যাসিস্টের দোসর কিছু কর্মকর্তার নাম আছে বলে শুনেছি।
এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো ফ্যাসিস্টের দোসর একজন কর্মকর্তাকে সরিয়ে আরেকজন ফ্যাসিস্টের দোসর কর্মকর্তাকে বসানো এাব কোন ভাবেই মেনে নেবে না। প্রত্যেক কর্মকর্তার বিগত সরকারের সময়ের কর্মকান্ড যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। জাতীয়তাবাদীমনা যোগ্য সৎ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে সকল প্রক্রিয়া অনুসরণ করেই এই পদায়ন করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাঠানো প্রস্তাবে দেখা যায় কৃষি মন্ত্রণালয়ের সর্ববৃহৎ প্রকল্প পার্টনার এর প্রকল্প পরিচালক হিসেবে ড. মোঃ শাখাওয়াত হোসেন শরীফের নাম প্রস্তাব করা হয়েছে। শাখাওয়াত হোসেন শরীফের বিগত সরকারের সময় ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জানুয়ারী মাস পর্যন্ত এনএটিপি- ফেজ ২ এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সেই একই প্রকল্পের অতিরিক্ত পরিচালক হিসেবে একবছরের বেশী সময় কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, এনএটিপি ফেজ-২ প্রকল্পের পরিচালক থাকাকালে সাখাওয়াত হোসেন শরীফের বিরুদ্ধে অডিটের নামে উপজেলা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায়, ভুয়া অডিটের আয়োজন এবং প্রকল্পের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্তে ২০২৪ সালের ১৭ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে ডিএই।
তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।অন্যদিকে, কৃষি বিভাগের সবচেয়ে বড় এই প্রকল্পের মাধ্যমে চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এরই মধ্যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১ অক্টোবর ফেনী থেকে দেশব্যাপী প্রথম ধাপের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ঠিক আগে প্রকল্পের পরিচালক পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় প্রকল্পের নেতৃত্ব ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
পার্টনার প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয়। বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের অর্থায়নে নেওয়া প্রায় ৭ হাজার কোটি টাকার এ প্রকল্পকে কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষিকে বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ প্রকল্পটির অন্যতম লক্ষ্য।প্রকল্প শুরুর দিকে পিডির দায়িত্বে ছিলেন মো. মিজানুর রহমান। দুই বছরের মাথায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে সরিয়ে ডিএইর কিশোরগঞ্জের উপপরিচালক আবুল কালাম আজাদকে পিডি করা হয়। এক বছর না যেতেই আবারও পিডি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।বর্তমানে পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ে দায়িত্ব পালনের সময় সাখাওয়াতকে ঘিরে আরও কিছু অভিযোগ করেছেন ডিএইর কয়েকজন কর্মকর্তা। তাঁদের দাবি, তিনি কয়েকজন প্রকল্প পরিচালক ও উপপরিচালককে নিয়ে একটি প্রভাবশালী বলয় তৈরি করেছেন। ওই বলয়ের মাধ্যমে ডিএইর বিভিন্ন প্রকল্পের টেন্ডার, বদলি ও পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
কয়েকজন কর্মকর্তা দাবি করেন, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় এবং পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য এই বলয় কাজ করছে।একই সূত্রগুলো দাবি করে, বিভিন্ন প্রকল্পে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রেও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।ডিএইর কয়েকজন কর্মকর্তা আরও দাবি করেন, বর্তমান সময়ে অধিদপ্তরের প্রকল্প, টেন্ডার ও বদলি-পদায়নকে ঘিরে একটি প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই চক্রে বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ছাড়াও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
কয়েকজন কর্মকর্তা বলেন, এই চক্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু কর্মকর্তাকে বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার চেষ্টা হচ্ছে। সার সংকটসহ কৃষি খাতের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তেও ওই গোষ্ঠীর প্রভাব রয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

























