নারী ও কন্যাশিশুর নিরাপত্তায় ইউএন উইমেনের সহযোগিতা চাইল বাংলাদেশ
- আপডেটের সময়: ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 83
বৈশ্বিক সংঘাত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের কারণে সৃষ্ট বহুমাত্রিক চাপের প্রেক্ষাপটে বাংলাদেশের নারী ও কন্যাশিশুদের সুরক্ষা ও ক্ষমতায়নে জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডা-এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ আহ্বান জানান।
বৈঠকে ড. তিতুমীর বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।
তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রত্যাবাসনের পর বিশেষ করে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা, জীবিকার সুযোগ এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে ইউএন উইমেনের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা কামনা করেন।
উপদেষ্টা বলেন, চলমান বৈশ্বিক সংকটের প্রভাবে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ তৈরি হয়েছে। ফলে সরকারের ফিসকাল স্পেস ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কঠোর শর্তের কারণে অনুদান ও সহজ শর্তে ঋণপ্রাপ্তিও সীমিত হয়ে পড়েছে।
তিনি নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও শক্তিশালী করতে ইউএন উইমেনের সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন নারী-কেন্দ্রিক উদ্যোগ তুলে ধরে ড. তিতুমীর বলেন, নারীপ্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।
বৈঠকে ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডা নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারীপ্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ড উদ্যোগকে একটি উদ্ভাবনী ও নারী-কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলা, লিঙ্গসমতা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





















