ইবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
- আপডেটের সময়: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / 345
শাহিন রাজা, ইবি:
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এসে সমবেত হয়।
এরপর ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় ছাত্র-উপদেষ্টা ড. শেলীনা নাসরীন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ-সম্পাদক নাসিম আহমেদ জয় সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাঁর আত্মার তায়ামাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপাচার্য বলেন, যারা বঙ্গবন্ধুকে অপছন্দ করত তারাও তার বক্তব্য শুনে তার প্রশংসা ও একাত্মতা পোষণ করত। তিনি তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস চর্চার আহবান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যত বই-পুস্তক রচিত হয়েছে, আমার মনে হয় না আর কোনো নেতাকে নিয়ে এত লেখা লেখি হয়েছে। আমি বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের এবং ত্রিশ লক্ষ শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি।



























