মতলবে পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সপ্রাবির ৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ
- আপডেটের সময়: ০৮:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 560
মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ৫ জনই সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন।
আজ রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫–এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ঈর্ষণীয় এই সাফল্যে পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: ফারহানা আক্তার, নাহিদা মোশাররফ, ফারজানা আক্তার, মরিয়ম আক্তার ও আবু তালহা সরকার।
এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী মোস্তারী জানান, “আমাদের সকল শিক্ষকের সম্মিলিত আন্তরিক চেষ্টা, অভিভাবকগণের সচেতনতা এবং শিক্ষার্থীদের আগ্রহ ও পরিশ্রমই এই সাফল্যের চাবিকাঠি। আগামী দিনেও আমরা চেষ্টা করবো যেনো এই ধারা প্রবাহমান থাকে।”
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নাহিদা মোশাররফের মাতা নুসরাত জাহান লিখি জানান, “এই সাফল্য কেবল ওর একার পরিশ্রমের ফসল নয়, তার শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাও তাকে পথ দেখিয়েছে।”
উল্লেখ, গত বছর বিদ্যালয়টি থেকে ৩২ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত আছে। সরকারি নিয়মের কারণে তাদের মধ্যে কেবল ৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল আলম বলেন, “ শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা ছিল, সেটা দুর হয়েছে। আগামী দিনে আমরা এই সাফল্য ধরে রাখার চেষ্টা করবো।”
এবার প্রাথমিকে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৫৪ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্র ৪৫ দশমিক ২৯ শতাংশ। ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ শিক্ষার্থী।
এবার সরকারি ও বেসরকারি দুই ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় উপস্থিত ছিল সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন।
এবার মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি (সরকারি বিদ্যালয় থেকে ৮০ শতাংশ ও বেসরকারি বিদ্যালয় থেকে ২০ শতাংশ) দেওয়ার সিদ্ধান্ত ছিল, তবে সব কটি কোটা পূরণ হয়নি। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ৪২০ জন সরকারি বিদ্যালয়ের এবং ৯ হাজার ৮৬১ জন বেসরকারি বিদ্যালয়ের।





















