দুর্বল হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- আপডেটের সময়: ০৩:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 16
টানা কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করছিল ঘূর্ণিঝড় ‘আকভান’। একপর্যায়ে ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় এটি। তবে ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানার আগে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি।
শুক্রবার (২০ নভেম্বর) দুর্বল অবস্থায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘আকভান’।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে।
ওড়িশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘আকভান’-এর উপকূল অতিক্রমের প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলতে পারে। এতে সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে আবহাওয়া অধিদফতরের আরেক হিসাবে একই সময়ে ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাব শনিবার পর্যন্ত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানার পরও এর প্রভাবে মেঘমালা সৃষ্টি হবে। ফলে শনিবার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মাত্রা শুক্রবারের তুলনায় কমে আসবে।




















