কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা
- আপডেটের সময়: ০১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / 199
চট্টগ্রাম ব্যুরো:
উপজেলার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান-১ হাবিবুর রহমানের প্রতি দুর্র্নীতি-অনিয়ম এবং সাংবাদিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়কের উপর সশস্ত্র হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ১০ ওয়ার্ড সদস্য। এরা হলেন ১ নং ওয়ার্ডের মো. বাবুল, ২ নং ওয়ার্ডের আবদুর রহিম, ৩ নং ওয়ার্ডের বশিরুল আলম শরীফ, ৫ নং ওয়ার্ডের এম. খোরশেদ আলম, ৬ নং ওয়ার্ডের ফরমান উল্লাহ, ৭ নং ওয়ার্ডের মাহমুদুল হক, ৮ নং ওয়ার্ডের মো. আইয়ুব, ৯ নং ওয়ার্ডের সেলিম উদ্দীন, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের পারভীন আক্তার এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য শাহনাজ বেগম।
অনাস্থা প্রকাশের বিষয়টি গত ২০ ডিসেম্বর ইউএনও ইনামুল হাছানকে চিঠি দিয়ে অবগত করেছেন ওয়ার্ড সদস্যরা। তবে এখনও প্যানেল চেয়ারম্যানের অপসারণে কোন ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত না আসায় ইউপি সদস্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপারে ১৪ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দায়ের করার জন্য উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) রানাকে দায়িত্বভার দেয়া হয়েছে। তার কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার সাথে সাথে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



























