তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: অগ্রিম বেতন ১৩ কোটি, ৪৫ কোটি টাকার কর-দাবিতে প্রভিশন নেই
- আপডেটের সময়: ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 8
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ হিসাব উঠে এসেছে। কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৬০ দশমিক ২ শতাংশ বেশি। এ ছাড়া বিভিন্ন খাতে পাওনা ও অগ্রিম মিলিয়ে রয়েছে ২৬ কোটি টাকার বেশি। সহযোগী প্রতিষ্ঠানের কাছে ঋণ পুরোপুরি আদায় না হলেও সেখানে নতুন করে ২ কোটি টাকা বিনিয়োগ করেছে কোম্পানিটি।
অন্যদিকে, শেয়ারবাজারে বিনিয়োগের বাজারমূল্য ক্রয়মূল্যের তুলনায় ৬ কোটি ৯১ লাখ টাকার বেশি কমে গেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৫ কোটি ৬০ লাখ টাকার আয়কর দাবির বিপরীতে কোনো প্রভিশন বা সঞ্চিতি রাখেনি কোম্পানিটি। এর পাশাপাশি পরিচালনা পর্ষদের পাঁচ নির্বাচিত পরিচালককে অপসারণের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা নিয়ে আইনি জটিলতাও রয়েছে।
কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং পরিচালকদের প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করেছে আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আর্থিক বিবরণীতে উঠে আসা এসব হিসাব কোম্পানিটির সম্পদের গুণগত মান, অর্থ ব্যবস্থাপনা ও করপোরেট সুশাসন নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
মূলধনের প্রায় ৩১ শতাংশ অগ্রিম বেতন
কোম্পানিটির আর্থিক বিবরণীর ৭ নম্বর নোট অনুযায়ী, ২০২৫ সালের শেষে কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা। ২০২৪ সালের শেষে এ খাতে অর্থের পরিমাণ ছিল ৮ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৮৯৪ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে অগ্রিম বেতন বেড়েছে ৪ কোটি ৯২ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা বা ৬০ দশমিক ২ শতাংশ।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মোট পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৭৭০ টাকা। সেই হিসাবে কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম বেতনের পরিমাণ কোম্পানিটির পরিশোধিত মূলধনের প্রায় ৩০ দশমিক ৮ শতাংশ। বীমা খাতের একটি কোম্পানিতে এত বড় অঙ্কের অর্থ অগ্রিম বেতন হিসেবে দেখানোর বিষয়টি বিশেষভাবে পর্যালোচনার দাবি রাখে। এই অর্থ কাদের নামে দেওয়া হয়েছে, কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং কীভাবে তা সমন্বয় করা হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার বিশেষ নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২৬ কোটি টাকার বেশি বিবিধ পাওনা
কোম্পানিটির অন্যান্য পাওনা ও অগ্রিমের পরিমাণও উল্লেখযোগ্য। আর্থিক বিবরণীর ৭ নম্বর নোট অনুযায়ী, ২০২৫ সালের শেষে অফিস সাজসজ্জার জন্য অগ্রিম দেওয়া হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৮১৭ টাকা। অফিসভাড়া বাবদ অগ্রিম রয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার ৩০২ টাকা। কমিশন বাবদ পাওনা ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া পুনর্বীমা পোর্টফোলিওতে প্রিমিয়াম বাবদ পাওনা রয়েছে ৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৬৯০ টাকা।
সব মিলিয়ে একক হিসাবে ‘সানড্রি ডেবটরস’ বা বিবিধ দেনাদার খাতে পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৮ লাখ ৩৫ হাজার ১৮৬ টাকা। আগের বছরের তুলনায় এ খাতে পাওনা বেড়েছে ৩ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ৭০৫ টাকা। একক হিসাবে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ১৩৬ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৩৯৬ টাকা (প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা)। সেই হিসাবে মোট সম্পদের ১৯ শতাংশই আটকে রয়েছে বিভিন্ন দেনাদার ও অগ্রিমের খাতে। আর সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত হিসাবে মোট সম্পদ ১৩৫ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ২০২ টাকা এবং আন্তঃকোম্পানি ঋণ বাদ দেওয়ার পর বিবিধ দেনাদার ২৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৪২৮ টাকা, যা মোট সম্পদের প্রায় ১৮ শতাংশ। এসব পাওনা কতটা আদায়যোগ্য এবং কত দিনের মধ্যে তা আদায় হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।
ঋণ পুরোপুরি আদায় না করেই সহযোগী প্রতিষ্ঠানে নতুন বিনিয়োগ
কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের কাছেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা রয়েছে। আর্থিক বিবরণীতে ‘লোন পেইড টু টিআইএসএল’ খাতে ৩ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৯২১ টাকা (প্রায় ৩ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা) ঋণ বকেয়া দেখানো হয়েছে। ২০২৪ সালের শেষে এ ঋণের পরিমাণ ছিল ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৯২১ টাকা। অর্থাৎ এক বছরে ঋণের পরিমাণ ২ কোটি টাকা কমেছে। তবে পুরো ঋণ আদায় হয়নি।
অন্যদিকে, একই সময়ে সহযোগী প্রতিষ্ঠানটিতে নতুন করে ২ কোটি টাকার শেয়ার মূলধন বিনিয়োগ করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। বার্ষিক প্রতিবেদনের ৮ নম্বর নোটে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ফলে সহযোগী প্রতিষ্ঠানের কাছে আগের ঋণের একটি অংশ বকেয়া থাকা অবস্থায় নতুন বিনিয়োগের যৌক্তিকতা, অর্থের ব্যবহার এবং বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুবিধা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগের বাজারমূল্য কমেছে ৫৭.৬ শতাংশ
শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেও উল্লেখযোগ্য মূল্যহ্রাসের মুখে পড়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। বার্ষিক প্রতিবেদনের ৪ নম্বর নোট অনুযায়ী, ২০২৫ সালের শেষে কোম্পানিটির শেয়ার পোর্টফোলিওর ক্রয়মূল্য ছিল ১২ কোটি ৪১ হাজার ৫৫৪ টাকা। তবে বছর শেষে এসব শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৫ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৭৭৮ টাকা (২০২৪ সালের শেষে বাজারমূল্য ছিল ৬ কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭৯৮ টাকা; অর্থাৎ এক বছরে বাজারমূল্য কমেছে প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা)।
অর্থাৎ ক্রয়মূল্যের তুলনায় বিনিয়োগের বাজারমূল্য কমেছে ৬ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৭৭৬ টাকা বা প্রায় ৫৭ দশমিক ৬ শতাংশ। এর ফলে কোম্পানিটির একক আর্থিক বিবরণীতে ফেয়ার ভ্যালু রিজার্ভ ঋণাত্মক হয়ে ৬ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকায় (প্রায় ৬ কোটি ৯২ লাখ টাকা) দাঁড়িয়েছে; সমন্বিত হিসাবে যা ঋণাত্মক ৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৩৯৩ টাকা। শেয়ারবাজারে বিনিয়োগের এমন মূল্যহ্রাস কোম্পানিটির বিনিয়োগ ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
৪৫ কোটি টাকার কর-দাবি, রাখা হয়নি প্রভিশন
কোম্পানিটির আর্থিক ঝুঁকির বড় একটি অংশ তৈরি হয়েছে আয়করসংক্রান্ত বিরোধ থেকে। আর্থিক বিবরণীর ৬৫ নম্বর নোট অনুযায়ী, ২০০৬-০৭ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের কাছে আয়কর কর্তৃপক্ষের দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৬০ লাখ ৩ হাজার ১৩৬ টাকা।
কোম্পানিটি এসব কর-দাবির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট এবং ট্যাক্স ট্রাইব্যুনালে আপিল করেছে। কয়েকটি করবর্ষের মামলায় হাইকোর্ট ও অ্যাপেলেট ট্রাইব্যুনাল কোম্পানির পক্ষে রায় দিলেও এর বিরুদ্ধে কর কর্তৃপক্ষ পুনরায় আপিল ও রিট দায়ের করেছে এবং মামলাগুলো এখনো বিচারাধীন রয়েছে। তবে এসব দাবির বিপরীতে কোম্পানির আর্থিক বিবরণীতে কোনো প্রভিশন বা সঞ্চিতি রাখা হয়নি।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির মোট তহবিল ও সঞ্চিতির পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকা। সেই হিসাবে এনবিআরের দাবিকৃত অর্থের পরিমাণ কোম্পানিটির মোট তহবিল ও সঞ্চিতির প্রায় ৮১ দশমিক ৮ শতাংশ। আদালতের চূড়ান্ত রায় কোম্পানির বিপক্ষে গেলে এত বড় অঙ্কের অর্থ পরিশোধের দায় তৈরি হতে পারে। এতে কোম্পানিটির আর্থিক অবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ পড়ার আশঙ্কা রয়েছে।
পাঁচ পরিচালক অপসারণ নিয়ে আইনি জটিলতা
কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। বার্ষিক প্রতিবেদনের পরিচালকদের প্রতিবেদন অংশের ৭০ ও ৭১ পৃষ্ঠায় এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বীমা আইন, ২০১০-এর ৫০ ধারা অনুযায়ী ২০২৫ সালের ৮ ডিসেম্বর এক আদেশে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের পাঁচজন নির্বাচিত পরিচালককে অপসারণ করে পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেয় আইডিআরএ।
এ আদেশের বিরুদ্ধে কোম্পানিটি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। রিট পিটিশন নম্বর ২৮৬/২০২৬। গত ৯ মার্চ ২০২৬ তারিখে হাইকোর্টের একটি বেঞ্চ তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনি জটিলতার কারণে ২০২৬ সালের ২০ জুন অনুষ্ঠিতব্য কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের নির্বাচন ও অবসরসংক্রান্ত প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
একক নিট মুনাফা কমেছে ১৮.৮ শতাংশ
বিভিন্ন আর্থিক ঝুঁকির পাশাপাশি কোম্পানিটির মুনাফাও কমেছে। নিরীক্ষিত একক বা পৃথক লাভ-ক্ষতির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের কর-পূর্ববর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৯১৯ টাকা, যা ২০২৪ সালে ছিল ৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৭৩৮ টাকা (কমেছে ১ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৮১৯ টাকা বা প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ)। আর আয়কর ও বিলম্বিত কর বাদ দেওয়ার পর একক হিসাবে প্রকৃত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ কোটি ২৭ লাখ ৬২ হাজার ৫৬৮ টাকা, যা ২০২৪ সালে ছিল ৬ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ২১৯ টাকা। অর্থাৎ এক বছরে একক নিট মুনাফা কমেছে ১ কোটি ২২ লাখ ১৩ হাজার ৬৫১ টাকা বা ১৮ দশমিক ৮ শতাংশ। একই সময়ে একক হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৩ পয়সা থেকে কমে ১ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত হিসাবে ২০২৫ সালে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত নিট মুনাফা হয়েছে ৫ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৪৯০ টাকা, যা আগের বছর ছিল ৬ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৯৭ টাকা (কমেছে প্রায় ১৬ দশমিক ৮ শতাংশ)। এ হিসাবে সমন্বিত শেয়ারপ্রতি আয় কমে দাঁড়িয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৬ পয়সা। (উল্লেখ্য, বার্ষিক প্রতিবেদনের সারাংশ টেবিলে কর-পরবর্তী মুনাফার ঘরে ৪ কোটি ১০ লাখ টাকা উল্লেখ করা হলেও মূল সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই অঙ্কটি মূলত লভ্যাংশ ও রিজার্ভ বাদ দেওয়ার পর অবণ্টিত মুনাফা বা রিটেইনড আর্নিংস।)
সাবির্ক বিষয়ে বক্তব্য জানতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মোহাম্মাদ শাহিন মিয়ার সঙ্গে গত ২ নভেম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেন। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার কাছ থেকে কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বুধবার (১৮ নভেম্বর) আবারও তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।




















