নরসিংদীতে কলেজ ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেটের সময়: ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 184
নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিহতের মরদেহটি হাসপাতালে আনার পর বিষটি জানাজানি হয়।
নিহত মিনতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। সে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এদিকে, শিক্ষার্থীর মৃত্যুর খবরে হাসপাতালে তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় শিক্ষার্থীরা। ওই সময় সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করে ফেলে। এমন কি সংবাদ প্রকাশ করত নিষেধ করা হয়। সংবাদ প্রকাশ করলে ভালো হবে না বলেও হুমকি দেয়া হয়।
সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম জানান, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর সে ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, আমরা এক ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে বাবা-মাকে লেখা একটি সান্ত্বনা দেয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার আসলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





















