স্মার্ট স্কুলের যুগে পা রাখলো সিরাজগঞ্জ
- আপডেটের সময়: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / 277
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল ক্লাস রুম ও ডিজিটালাইজড উপস্থিতি। এর মধ্য দিয়ে জেলার প্রথম ‘স্মার্ট স্কুল’ হিসেবে যাত্রা শুরু করলো বিদ্যালয়টি। এছাড়া শিক্ষার্থীরা শিগগিরই অ্যাপের মাধ্যমে শিক্ষা কার্যক্রম ও সব ফি দিতে পারবে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের স্মার্ট কার্ড হাতে দিয়ে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় তিনি বলেন, জেলার প্রথম কোনো স্কুলে এমন কাজ শুরু হলো। যেখানে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক সহজেই তার সন্তানের স্কুলে আগমন ও বের হবার সময় জানতে পারবে। একই সঙ্গে স্কুলের সব কার্যক্রম মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ জানান, এতে যেমন সময় বাঁচবে, তেমনি সন্তানের বিষয়ে খোঁজখবর রাখা সহজ হবে।
স্মার্ট স্কুল পরিচালনায় কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান ইডুম্যানের কর্মকর্তা রবিউল সিদ্দিক জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করতে চারটি ক্যাটাগরির প্রয়োজন হয়। ইতিমধ্যেই ডিজিটাল ক্লাশরুম সহ অন্যান্য সুবিধা এই বিদ্যালয়ে রয়েছে। আজ শিক্ষার্থীদের উপিস্থিতি ডিজিটালাইজড এর মাধ্যমে এই স্কুলটি আরও এক ধাপ আগালো।
তিনি জানান, শিক্ষার্থীরা স্কুলে পৌঁছানোর আধ ঘণ্টার মধ্যেই অভিভাবকরা জানতে পারবেন। শিগগিরই শিক্ষার্থীরা তাদের সব কার্যক্রম অ্যাপের মাধ্যমে করতে পারবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি ও মেঘ জানায়, আমরাও স্কুলে নিজেদের কার্ড স্পাঞ্চ করে বাড়িতে জানিয়ে দেবো। এটি আমাদের কাছে যেমন নতুন একটি অভিজ্ঞতা, পাশাপাশি অনেক আনন্দের বিষয়। আর স্কুলের রেজাল্টসহ অন্য তথ্য অভিভাবকের কাছে সহজে পৌঁছৈ যাবে। নিজেদের স্কুল এমন একটি উদ্যোগ নেওয়ায় তারা খুশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা প্রমুখ।


























