ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে -স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
- আপডেটের সময়: ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 12
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে। এবিষয়ে চলতি সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে বৈঠক করা হবে। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এ অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল অডিটোরিয়ামে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডারস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১৭ টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সাথে মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।এছাড়া, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনে উদ্যোগ নেওয়ার পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম (রেনোভেশন) গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডারস ডে ২০২৬ এর প্রতিপাদ্য হলো ‘More Common Than You Think’।
ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।




















