অর্থনৈতিক সংস্কার ও নতুন পে-স্কেলসহ ছয় মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন
- আপডেটের সময়: ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 65
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটের কালি শুকানোর আগেই ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।
সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। দেশের অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















