রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে এমন বৃষ্টিপাত আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, এই ধরনের বৃষ্টিপাত আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। এদিকে সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ অবস্থায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে





















