ড্যাপে প্রস্তাবিত জমির হস্তান্তর বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ
- আপডেটের সময়: ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 217
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ডিটেল এরিয়া প্ল্যানে (ড্যাপ) প্রস্তাবিত মাঠ, পার্ক ও জলধারের খাজনা গ্রহণ-জমি হস্তান্তর বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে ‘বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫’ তে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্কসমূহের সংরক্ষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে গুলশানে ডিএনসিসির নগর ভবনে বৃহস্পতিবার এক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় রাজউক কর্তৃক প্রণীত ‘বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫’তে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্ক সমূহের থানা, মৌজা ও দাগ নম্বর অনুযায়ী সীমানা চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের জন্য রাজউকসহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জেলা প্রশাসন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজউক ও অন্যান্য সরকারি সংস্থার মালিকানাধীন জমি, খাস জমি ও অন্যান্য খালি জায়গা, মাঠ, পার্ক, জলাশয় এগুলো রক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত বাউন্ডারির ব্যবস্থা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএনসিসির সচিব মামুন-উল-হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ এসএম শফিকুর রহমান প্রমুখ।
(বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম)





















