চিন্ময়ের জামিন নামঞ্জুর
- আপডেটের সময়: ১২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / 307
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মফিজুল হক ভূঁইয়ার আদালত এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ জানান, বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন ধার্য ছিল। তার পক্ষে শুনানি করতে সুপ্রিম কোর্ট থেকে ১১ জনের একটি দল শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
চিম্ময়ের পক্ষে দাঁড়ানো সুপ্রিমকোর্টের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের জন্য তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখে গুরুত্বপূর্ণ গাড়ি ছাড়া সকল যান প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ব্যক্তিগত গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছিল না। আদালতে প্রবেশ মুখেই পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিন সকাল সাড়ে ১০টায় চিম্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানির জন্য আদালতে আসেন সুপ্রীম কোর্টের ১১ আইনজীবী। সকাল সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত চিম্ময়ের জামিন নামঞ্জুর করেন। এরপরই আদালতে আইনজীবীদের মিছিল করতে দেখা যায়।
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিনঘন্টা আটকে থাকার পর এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়।
পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুর্বত্তরা। এছাড়া সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।





















