১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- আপডেটের সময়: ১২:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 206
ভারতলাগোয়া সীমান্ত এলাকা থেকে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার কমপক্ষে ১৩ জন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৪ ডিসেম্বর) বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের বিএসএফ ধরে নিয়েছে বলে শুনেছি। যতটুকু জেনেছি তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিল। তবে তাদের পরিবার কিংবা বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। যতটুকু জেনেছি ধরে নিয়ে যাওয়াদের মধ্যে গোয়াইনঘাটের একজন ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার।’
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিএসএফ তাদের কেন ধরে নিয়ে গেছে সেটা জানা যায়নি।





















