শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
- আপডেটের সময়: ০২:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / 598
প্রকৃতিতে জেঁকে বসছে শীত। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা। ভোরের কাঁচা রোদ, হিমস্পর্শ প্রাণে শিহরণ তুলে প্রকৃতিতে শীতলতা বিরাজমান। আবহাওয়া পরিবর্তনের কারণে শীতকালে জ্বর, ঠান্ডা-কাশি, সর্দি-জ্বরের প্রকোপ বেড়ে যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ইমিউনিটি বাড়ায় এমন খাবার খেতে হয়। জলপাই এমনই একটি ফল। শীতে জলপাই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কেননা এতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।
জলপাইয়ের পাতা ও ফল দুটোই উপকারি। ফলের রস থেকে তৈরি হয় তেল যার অনেক পুষ্টিগুণ রয়েছে। টক জাতীয় এ ফলে রয়েছে ভিটামিন এ, সি ও ই। ভিটামিনগুলো দেহের রোগজীবাণু ধ্বংস করে, উচ্চরক্তচাপ কমায়, রক্তে চর্বি জমে যাওয়ার প্রবণতা হ্রাস করে, হৃদপিণ্ডের রক্তপ্রবাহ ভালো রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, কোলনের পাকস্থলির ক্যান্সার দূর করতে অগ্রণী ভূমিকা রাখে।
জলপাই গাছ বহুবর্ষজীবী গাছগুলোর মধ্যে একটি। জলপাই গাছের বৈজ্ঞানিক নাম ইলাইওকারপাস সেরাটাস। বাংলাদেশ, ভারত, ইন্দোচীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে জলপাই ফল উৎপাদিত হয়। জলপাই অনেকেই জয়তুন-এর সাথে এক করে ফেলে, যদিও এ দুটি সম্পূর্ণ আলাদা ফল।
অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার কারণে এটি একটি সম্পদ হিসাবে গণ্য করা হয়। জলপাই ফলের অনেক উপকারিতা রয়েছে, কারণ এটি একটি সম্পূর্ণ খাদ্য। আর এটি থেকে তেল বের করা হয়, যার স্বাস্থ্য, পুষ্টি ও প্রসাধনী উপকারিতা রয়েছে। জলপাইয়ের একটি বিশেষ পবিত্রতা রয়েছে সমস্ত ইব্রাহিমীয় ধর্ম সম্বন্ধে। প্রতিদিন একটি করে জলপাই আপনার শরীরে ম্যাজিকের মত কাজ করবে।
কাঁচা জলপাই বেশ পুষ্টিকর, প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ। জলপাই খোসাসহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায়।
কাঁচা ফল টাটকা, রান্না করে ও আচার তৈরী করে খাওয়া হয়। ভিটামিন সি’ জাতীয় ফল হলো জলপাই। মোটামুটি শীতকালীন সময়েই এই জলপাইয়ের দেখা পাওয়া যায়। তবে সারা বছর তো আর জলপাই পাওয়া যায় না। তাই জলপাইয়ের আচার তৈরি করে এটি অনেকদিন সংরক্ষণ করা যেতে পারে। এই আচার যেকোন সময়ে ভাত, খিচুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে।
জলপাই আচারের জন্য দুর্দান্ত। জিভে জল আনা জলপাই আচার তৈরির জন্য কাঁচা ফলগুলো প্রথমে সেদ্ধ করা হয়। তারপর কড়াইতে তেল গরম করে তাতে বিভিন্ন মসলার মধ্যে ঢেলে দিয়ে পরে চিনি ও জল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করার পর ঠাণ্ডা করে পরিবেশন বা সংরক্ষণ করা হয়।
জলপাই গাছ মাঝারি আকারের, ১০ থেকে ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শীতকালে পাতা ঝরে পড়ে, ফেব্রুয়ারি-মার্চ মাসে নতুন পাতা আসে। সেই সঙ্গে আসে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা ফুল।
জলপাই ফলের জন্য বিখ্যাত হলেও এর ফুলের সৌন্দর্য অসাধারণ। সারা গাছজুড়ে অসংখ্য ফুলের যে মেলা বসে, তার সৌন্দর্য উপেক্ষা করা কঠিন। গ্রীষ্মের মাঝামাঝি মলিন সাদা রঙের থোকা থোকা ফুলগুলো ফোটে। ফল খাবার উপযোগী হয় শরৎ-হেমন্তে। তখন ফলের বাইরের আবরণ সবুজের কাছাকাছি একটি বিশেষ রঙ ধারণ করে। এ কারণে জলপাই রঙ সবার কাছে একটি বিশেষ রঙ হিসেবে পরিচিত। জলপাইয়ের গড়ন প্রায় আমড়ার মতোই। তবে আমড়ার চেয়ে আকারে ছোট। এর পাতলা আবরণের ভেতর থাকে খাবার উপযোগী শাঁস ও একটি শক্ত আঁটি বা বীজ।
জলপাই ফলের ওজন ১৫.৭৮ থেকে ২২.৪৬ গ্রাম, দৈর্ঘ্য ৪.০৭ থেকে ৪.৪৯ সে:মি:, ব্যাস ২.৬২ থেকে ২.৮৯ সে:মি: হয়ে থাকে। ফলের রং হয় গাঢ় সবুজ, একটি বাদামী বীজ থাকে ফলের মধ্যখানে, বীজের চারপাশ ঘিরে থাকে টক-মিষ্টি স্বাদের শাঁস।
প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে খাদ্যশক্তি ৭০ কিলোক্যালরি, ৯ দশমিক ৭ শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৩ মিলিগ্রাম ভিটামিন সি। কাঁচা ফলের শাঁস কিছুটা টক, যা ইঙ্গিত দেয় যে এটি ভিটামিন সি এর একটি ভাল উৎস। গবেষণায় দেখা গেছে, এই ফল খনিজ, ভিটামিন, ফাইবার এবং মূল্যবান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। জেনে নিন জলপাইয়ের স্বাস্থ্য উপকারিতা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি ফল হতে পারে জলপাই। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের তেল ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এই ইনসুলিন। যে কারণে জলপাই বা জলপাইয়ের তেলকে ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়।
ক্যানসার প্রতিরোধ করে
মরণঘাতি ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে জলপাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এই ফল। জলপাইয়ে আছে স্কোয়ালিন এবং টারপেনয়েড নামক উপাদান। এই দুই উপকারী উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। তার মানে এই নয় যে ক্যান্সার ধরা পড়লেও জলপাই খেয়ে তা কমিয়ে ফেলতে পারবেন। বরং নিয়মিত জলপাই খেলে তা ক্যান্সার হওয়া থেকে আপনাকে দূরে রাখতে পারে।

























