ক্যালিফোর্নিয়ায় পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩
- আপডেটের সময়: ০১:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 166
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিস্কেইলুজ সেন্টার একাডেমিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সিবিএস এ তথ্য জানিয়েছে।
সিবিএসের খবরে বলা হয়, এর আগের দিন বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বোমা স্কোয়াড সান্তা মনিকা শহর থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরদিন সেটি নিষ্ক্রিয় করার জন্য প্রশিক্ষণকেন্দ্রে নিয়ে গেলে বিস্ফোরণ ঘটে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা ঘটনাটিকে একটি “বিচ্ছিন্ন দুর্ঘটনা” বলে বর্ণনা করেছেন। তিনি জানান, নিহতরা সবাই শেরিফ বিভাগের আগুন ও বিস্ফোরক বিভাগে কর্মরত ছিলেন এবং ১৯ থেকে ৩৩ বছর পর্যন্ত চাকরির অভিজ্ঞতা ছিল তাদের। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
শেরিফ লুনা আরও জানান, ১৮৫৭ সালে প্রতিষ্ঠার পর এ প্রশিক্ষণকেন্দ্রে এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসসের কার্যালয় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো ঘটনার তদন্তে সহায়তা করছে।



























