ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট
টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’, ১৭০ বিলিয়ন টাকার বেশি মূলধন সংগ্রহে সহায়তা
- আপডেটের সময়: ০৫:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 25
সাফল্যের ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করেছে দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)।
২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকারও বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ইউসিবিআইএলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ইউরোমানি’ টানা চতুর্থবারের মতো প্রতিষ্ঠানটিকে ‘Best Investment Bank in Bangladesh’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
একই বছর Euromoney Awards for Excellence 2026-এ ‘Bangladesh’s Best Investment Bank for Financing Solutions’ পুরস্কারও অর্জন করেছে ইউসিবিআইএল।ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জারস অ্যান্ড অ্যাকুইজিশনস, করপোরেট অ্যাডভাইজরি, ভ্যালুয়েশন এবং লোন সিন্ডিকেশনসহ বিভিন্ন সেবায় কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বন্ডগুলোর প্রায় অর্ধেকের ইস্যু ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছে তারা।দেশের প্রাথমিক শেয়ারবাজারে দুই বছরের বেশি সময় ধরে নতুন আইপিও না আসার প্রেক্ষাপটে বাজারে গতি ফিরিয়ে আনতে কাজ করছে ইউসিবিআইএল।
গত ১৮ অক্টোবর বিদ্যুৎ খাতের একটি শীর্ষস্থানীয় কোম্পানিকে বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডশোর আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর সহ ইউসিবি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সপ্তম বছরে পদার্পণ করে পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও বৈচিত্র্যময় করে তুলতে এবং টেকসই মূল্য সৃষ্টিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউসিবিআইএল।





















