নির্বাচনের ২ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ঘোষণা
- আপডেটের সময়: ০৪:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 271
জাননাহ, বিশেষ প্রতিনিধি
নির্বাচনের দুইদিন আগে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঢাবির উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি বলেও জানান তিনি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইবো। আমার যে মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা তাতে ফেরত যাবো। ’
ঢাবি উপাচার্য আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে এ ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।



























