কুমিল্লায় হাসনাতের ব্যানারে আগুন, সমর্থককে মারধরের অভিযোগ
- আপডেটের সময়: ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 186
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কিছুসময় ব্যবধানে পৃথক আরেকটি স্থানে কাওসার আলম নামের এনসিপির এক প্রতিনিধির ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় এলাকায় সড়কের ওপর টানানো হাসনাতের নির্বাচনী ব্যানার এবং একই দিন উপজেলার বরকামতা এলাকায় এনসিপি প্রতিনিধি কাওসারের ওপর এই হামলার ঘটনা ঘটে।
সোমবার রাত ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এসব তথ্য জানিয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ।
ফেসবুকে পোস্টে লেখেন, ‘দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। বিকেলে আমাদের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবেই কঠোরভাবে প্রতিহত করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ইনশাল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























