ঢাবির মুহসীন হলে সীরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৩:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 536
জাননাহ, বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাহিত্য বিভাগের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে “সীরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)” শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) আসরের নামাজের পর মুহসীন হল মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। তিনি “ক্যাম্পাস জীবনে: রাসূল (সা.)-এর সুন্নাহ চর্চা” বিষয়ে আলোচনা করেন। এছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুম বাকি বিল্লাহ “শিক্ষাঙ্গনে সুন্নাহর শিক্ষা: উত্তম আদর্শের অনুসন্ধান” বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, হলের সম্মানিত হাউস টিউটরবৃন্দ, হল মসজিদের ইমাম, মুহসীন হল সংসদের ভিপি ছাদিক হোসেন শিকদার, জিএস রাফিদ হাসান সাফওয়ান, এজিএস আবদুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহসীন হল সংসদের সাহিত্য সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম। শেষে হল সংসদের পক্ষ থেকে অতিথি বক্তাদের সম্মাননা সূচক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।



























