শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি আবিদুল ইসলামের
- আপডেটের সময়: ০৯:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 214
জাননাহ, বিশেষ প্রতিনিধি
শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে ক্যাম্পাসে গণসংযোগ কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ’ প্যানেল অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
আবিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসের দোকানগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের ব্যবসার সুযোগ দেওয়া হলে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। এতে টিউশনি করার ঝামেলা অনেকটাই কমে যাবে।”
তিনি আরও জানান, প্রশাসনিক ভবনের বিভিন্ন দাপ্তরিক কাজে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া যেতে পারে, যা একই সঙ্গে অভিজ্ঞতা ও আয় দুটোই নিশ্চিত করবে।
ছাত্রদল প্যানেলের এই ভিপি প্রার্থী কর্মসংস্থান সংক্রান্ত তার বহুমুখী পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “আমরা বছরে দুই থেকে তিনবার জব ফেয়ার আয়োজন করতে চাই। কর্পোরেট কোম্পানিগুলো ক্যাম্পাসে এসে ইন্টারভিউ নেবে এবং শিক্ষার্থীদের মধ্য থেকেই চাকরি বা ইন্টার্নশিপের জন্য বাছাই করবে।”
এছাড়া প্রান্তিক অঞ্চল থেকে আসা প্রযুক্তিতে অনভিজ্ঞ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার অঙ্গীকার করেন আবিদুল। তিনি বলেন, “বাংলা ও ইংরেজির পাশাপাশি বৈশ্বিক চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের একটি তৃতীয় ভাষা শেখাতে উদ্বুদ্ধ করব।”



























