বুদ্ধিজীবীদের মধ্যে আহমদ ছফাই বাংলাদেশের নৈতিক অভিভাবক : সলিমুল্লাহ খান
- আপডেটের সময়: ১২:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 265
জাননাহ, বিশেষ প্রতিনিধি
বুদ্ধিজীবীদের মধ্যে আহমদ ছফাই বাংলাদেশের একজন নৈতিক অভিভাবক ছিলেন বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত লেখক, ঔপন্যাসিক, বুদ্ধিজীবী ও আহমদ ছফার বিষয়ে তাত্ত্বিক বিশ্লেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, আহমদ ছফার সকল কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে, হয়তো আগে কিংবা পরে। তবে তিনি যে ফেরেশতা ছিলেন না। তিনি যে কোনো ভুল করতেন না- তা নয়।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আহমদ ছফা স্মৃতি বক্তৃতা -২০২৫’ এর সভাপতির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান ।
এশীয় শিল্পী ও সংস্কৃতি সভা এ স্মৃতি বক্তৃতটির আয়োজন করে। স্মৃতি বক্তৃতায় আরও বক্তব্য রাখেন- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, এশীয় শিল্প ও সংস্কৃতি সভার সভাপতি জহিরুল ইসলাম কচি প্রমুখ।
ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে অংশ এখন পলায়ন করেছে, আংশিক গা ঢাকা দিয়েছে কিংবা বিদেশে গিয়ে ইউটিউব চ্যানেল খুলেছে, তারা আহমদ ছফাকে পছন্দ করেন না। তারা আহমদ ছফাকে এক ধরনের বর্জ্য পদার্থ মনে করতেন।
সলিমুল্লাহ খান আরও বলেন, আহমদ ছফা আমাদের শিক্ষা দিয়েছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার। ভারত আমাদের বারবার উপনিবেশ হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আমাদের বই ওখানে যাবে, ওদের বই আমাদের এখানে আসবে- এটাতে কোনো মন্দ ছিল না। কিন্তু এখানকার সিনেমা ওখানে যায় না। ওরা ঔপনিবেশিক যুক্তিতে বলে তোমাদের সিনেমার মান ভালো না। তোমাদের বই ভালো না। ব্যবসার অসামঞ্জস্যতা।
বাংলাদেশের রাষ্ট্রগঠন সম্পর্কে সলিমুল্লাহ খান বলেন, যুগে যুগে সীমানা বদলেছে। কর্ণধাররা বদলেছে। কিন্তু নদীর ঘাটে পানি বদলায়নি। ’৭১ সালে তিনি পায়ে হেঁটে ত্রিপুুরা হয়ে কলকাতা গিয়েছিলেন। তিনি মুক্তিবাহিনীর ক্যাম্পে গিয়েছিলেন, যাতে মুক্তিযুদ্ধে নাম লেখাতে পারেন। তখন বয়স ২৮। তাকে যুদ্ধে নাম লেখাতে দেয়া হয়নি। যুদ্ধকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, এটা তার প্রমাণ। মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল যেটার অধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি ওসমানী। এটার বাইরে একটা বাহিনী গঠন করা হয়েছিল বিএলএফ। এটার কমাণ্ড ছিল ভারতের গোয়েন্দা বাহিনীর হাতে। এটাকে সহজ করে নাম দেয়া হয় মুজিব বাহিনী। তাদের কাজ ছিল প্রবাসে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের বিরোধিতা করা। তারা মনে করতো যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এখানে কমিউনিস্ট লোকজনদের আধিপত্য বাড়বে। এটাকে রোধ করতে হবে। মূল কাহিনী ছিল- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভারতের কর্তৃত্ব ধরে রাখা। আহমদ ছফার নাম লেখানো হয়নি কারণ আওয়ামী লীগের এমপিদের সুপারিশ ছাড়া নাম লেখানো যেতো না।
স্মৃতি বক্তৃতায় ফারুক ওয়াসিফ বলেন, আহমদ ছফা রাষ্ট্র নিয়ে গভীরভাবে ভেবেছেন। তিনি বলেন, বাংলাদেশ যে ধরনের দেশ সেই বৈশিষ্ট্যকে ধারণ করার মতো কোনো তাত্ত্বিক রাজনৈতিক রূপরেখা নেই। কোনো রাজনৈতিক দলও নেই।
ফারুক ওয়াসিফ আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের পূর্বপরিকল্পনা ছিল না। একাত্তর ছিল অপরিকল্পিত। একইভাবে জুলাই অভ্যুত্থানও হয়েছে অপ্রস্তুতভাবে। এখন জুলাইয়ের নেতারা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছেন। বড় দলের যে সামর্থ্য আছে, সেই শক্তি–সামর্থ্য তাদের নেই। তারা মিত্রহীন হয়ে পড়েছে।



























