ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার
- আপডেটের সময়: ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 295
জাননাহ, বিশেষ প্রতিনিধি
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, আজকে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গত রোববার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় ওখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলো শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টা ১৫ মিনিটে উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বাসের ড্রাইভারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে অন্তত তিনজন গুরুতর আহত হন।
ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি)‘র সঙ্গেও কথা বলেন তিনি।
এছাড়া, ঘটনার অভিযোগ জানাতে রাতে উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের অনুরোধ জানান তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



























