ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষণিকা বাসে হামলা
- আপডেটের সময়: ০৮:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 227
জাননাহ, বিশেষ প্রতিনিধি
রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহনকারী টঙ্গী-গাজীপুর রুটের ক্ষণিকা বাসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ক্ষণিকা বাসে এ ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ক্ষণিকা বাসটি গাজীপুরের উদ্দেশে যাত্রা করছিল। উত্তরা বিএনএস এলাকায় পৌঁছালে দেখা যায়, বিআরটিসি ট্রাক এক স্কুলছাত্রকে চাপা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। আমাদের বাস সামনে যাওয়া মাত্রই ওরা একদল হঠাৎ করে লুকিং গ্লাস ভেঙে ফেলে, তারপর ড্রাইভারকে টেনে নামিয়ে মারতে শুরু করে।
তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি ঠান্ডা করতে এগোই, কিন্তু উলটো ওরা আমাদের ধাওয়া করে। বাসের পেছনের গেট পর্যন্ত এসে সিনিয়র ভাইদের মারধর শুরু করে। বাধা দিতে গেলে ওরা লাঠি, ইট, কাঠ—যা পেয়েছে তাই দিয়ে বাসের দিকে মারতে থাকে।
আহতরা বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানায় একটি জিডি করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, শুধু ঢাবির বাস নয়, হামলাকারী শিক্ষার্থীরা আরও অনেক বাসে হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।



























