রংধনু গ্রুপের প্রতিনিধিকে হত্যার হুমকি, রামাদার জসিম সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ
- আপডেটের সময়: ০৪:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / 200
এরফান হোছাইন
রংধনু গ্রুপের মিডিয়া হেড সাইফুল ইসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম অভিযোগ করেছেন যে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জসিম উদ্দিন এবং তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) কক্সবাজার শহরের বীচ ভিউ হোটেলের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম এই অভিযোগ তুলে ধরে বলেন, জসিম উদ্দিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত। সাইফুল ইসলাম অভিযোগ করেছেন যে, জসিম উদ্দিনের বিরুদ্ধে ব্যাংক ঋণ পরিশোধ না করার মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেছেন যে, জসিম উদ্দিনের বিভিন্ন অবৈধ কার্যকলাপ রয়েছে, যেমন জমি দখল, চাঁদাবাজি এবং এমনকি হত্যা চেষ্টা। সাইফুল ইসলাম এই দাবিগুলোর সাপোর্টে বিভিন্ন দলিল এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও উপস্থাপন করেছেন।
সাইফুল ইসলাম আরও অভিযোগ করেছেন যে, জসিম উদ্দিন এবং তার সহযোগীরা তাকে এবং তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে দৈনিক ইনকিলাবের সাংবাদিক সারেক সহ অনেকেই, জসিমের বিরুদ্ধে সাইফুলের করা অভিযোগের সত্যতা যাচাই করার জন্য কিছু প্রশ্ন করেছিলেন, তখন সাইফুল তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি তিনি সাংবাদিককে অবান্তর প্রশ্ন করার অভিযোগ তোলে। এই আচরণে অন্যান্য সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে। পরে সাইফুল তার ভুল বুঝতে পেরে সামনে এসে ক্ষমা চেয়ে নেন।
এই ঘটনায় অনেকেই মনে করছেন যে, একজন সংবাদ মাধ্যমের প্রধান হিসেবে সাইফুলের এই আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং পেশাদারিতার পরিপন্থী।



























