ইউআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম
- আপডেটের সময়: ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 257
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ‘আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪’ শীর্ষক গবেষণা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এম রিজওয়ান খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআরএস২০২৪ এর কনভেনার এবং ইউআইইউ স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের প্রফেসর ড. মোহাম্মদ এইচ. আর. জোয়ার্দার এবং এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা।
প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন থেকে গবেষণায় জড়িত থাকা দরকার। এই ধরনের সম্পৃক্ততা তাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশি অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে একজন গবেষক হওয়ার জন্য এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সিম্পোজিয়ামটি হলো পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটি একাডেমিক গবেষণা প্রতিযোগিতা। বিশেষ করে ব্যবসায় বিভাগে শিক্ষার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থী এই গবেষণা প্রতিযোগিতায় দুইটি ডোমেইনের মাধ্যমে অংশগ্রহণ করে। এদের থেকে ১০ দলকে চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে প্রশংসাপত্র ও উপহার প্যাক দেওয়া হয়। প্রতি বিষয়ে সেরা রিসার্চ পেপার কে প্রথম পুরস্কার হিসাবে ১ লাখ টাকা এবং প্রথম রানার আপকে ৬০ হাজার টাকা এবং ২য় রানার আপকে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ডোমেইন-১ চ্যাম্পিয়ন হন ইউআইইউ শিক্ষার্থী রামিসা রুতবাতা হোসাইন অবন্তিকা এবং রাজিন আল-তানজিম ভূঁইয়া। প্রথম রানার আপ হন ইউআইইউ শিক্ষার্থী ফাইয়াজ বিন জুলফিকার ও সামিহা তাসনিম প্রমি এবং দ্বিতীয় রানার আপ হন আছিয়া বেগম, মারুফ হাসান আরিফ, মেসবাহ আমিন এবং মাকসুদুর রহমান।
ডোমেইন-২ চ্যাম্পিয়ন হন ইউআইইউ শিক্ষার্থী মুহতাসিম আহমেদ চৌধুরী। প্রথম রানার আপ হন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তৌসিফ আবরার ফাইয়াজ, নুর আফরিন চৌধুরী অনন্যা এবং মাইশা জাহিন। দ্বিতীয় রানার আপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থী তারিফ হাসান, রাফিয়া তাবাসসুম সারা এবং আয়মান ইলিয়াস চৌধুরী।
অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।



























