ফেসবুকে ভুয়া পেইজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
- আপডেটের সময়: ০৫:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / 230
ঢাবি প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের পর থেকে গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ নামে একটি ফেসবুক পেজ খুলে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঐ পেজের এডমিনের পরিচয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি। এছাড়া আব্দুল গনি নামে আরও একটি আইডি ওই পেইজের এডমিন হিসেবে রয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আব্দুল গনির আইডিতে মাত্র একজন ফ্রেন্ড রয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপেরও মেম্বার ।
আব্দুল্লাহিল বাকি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ বিতর্কিত সেই পেজের এডমিন।
পোস্টে আব্দুল্লাহিল বাকি তার উত্থাপিত অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে আইটি এক্সপার্টদের দ্বারা বের করা পেইজটির এডমিন প্যানেলের তথ্যের ছবি শেয়ার করেন। পাশাপাশি পেইজটিতে বিভিন্ন সময় অপপ্রচারের স্ক্রিনশটও শেয়ার করেন।
ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে তিনি লেখেন, ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা নামে একটি পেজ থেকে বিভিন্ন ব্যক্তির নামে নানা সময়ে মিথ্যা তথ্য প্রচার, ব্যাঙ্গাত্মক পোস্ট, কার্টুন, ছবি বিকৃতিসহ নানা কিছু পোস্ট করে আসছে। পেজটি থেকে কিছুদিন আগে এক উপদেষ্টারও ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো হয় দাঁড়ি-টুপি অ্যাড করে কটাক্ষ করে। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই পোস্ট পেজটি থেকে সরানো হয়। পেজটির পেছনে ছাত্রদলের লোকজন কাজ করছে বলে সবাই বলার পরেও ছাত্রদলের লোকজন এটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছিলো। কিন্তু পেজটি সত্যিই ছাত্রদলের লোকজনই চালায়।
তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ পেজটির এডমিন। আবদুল গনি নামের আরেকটি আইডি এই পেজে এডমিন হিসেবে আছে। ওই আইডিটিতে মাত্র একজন ফ্রেন্ড এবং আইডিটি ঢাবির গ্রুপেও অ্যাড আছে। পেজটিতে মোট দুইটা এডমিন আছে ।
তিনি আরও লেখেন, এই কাজগুলো আগে করতো নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন। প্রকৃতি সম্ভবত কোনো শূন্যস্থান রাখে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের নামে বিষোদগার ছড়ানো ঘৃণ্য কাজের সঙ্গে জড়িতরা ছাত্রদলের পোস্টেড নেতা। অবাক করা বিষয় হল- এই টাইপের আরও কিছু পেজ আছে। একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। সময়মতো সবকিছুই সামনে আনা হবে।
এদিকে, সমালোচনার মুখে ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা পেজটি নিষ্ক্রিয় হয়ে গেলেও পূর্বের কিছু পোস্ট এর একটিতে দেখা যায় উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের মাথায় মহিষের শিং বসিয়ে লেখা হয়, ‘হাতমে গাঞ্জা, কাঁধে কাঁধ লড়কে ল্যাঙে পালংবাদ’।
অন্য আরেকটি পোস্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এডিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের ব্যাঙ্গাত্মক ভিডিও প্রচার করা হয়।
কীভাবে এই পেজটির হিডেন এডমিনদের পরিচয় জানা গেল এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহিল বাকি বলেন, আমরা একটি আইটি এক্সপার্ট ফার্মের সহযোগিতায় এডমিনদের পরিচয় শনাক্ত করেছি, যারা মেটার ডেটা নিয়ে কাজ করেন। তবে প্রাইভেসি পলিসির কারণে ওই ফার্মের নাম প্রকাশ করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে একটা পেজ থেকে বিভিন্ন মানুষের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এটা কারও থেকেই আমরা প্রত্যাশা করি না।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তানভীর আল হাদি মায়েদের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। তিনি আব্দুল্লাহ হিল বাকীকে ‘সাবেক শিবিরকর্মী’ আখ্যা দিয়ে বলেন, একজন সাবেক শিবিরকর্মী পোস্ট করেছেন আমি নাকি ওই পেজটা চালাই। কিন্তু এ পেইজের সঙ্গে আমি কখনও কাজ করিনি, এমনকি আমি কোন পেজ বা আইডি চালাই না।
আব্দুল্লাহিল বাকির বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি দেখেছি এসবে কোনও কাজ হয় না। আমাকে বাকি ভাই আক্রমণ করে পোস্ট করেছেন, তিনি এটা কেন করেছেন আমি জানি না। ভাইয়ের সাথে আমার কখনও বিরোধ ছিলো না। তাই এটা নিয়ে আইনি ঝামেলায় যেতে চাই না। আমি ভাইয়ের সাথে ব্যক্তিগত বোঝাপড়া করে নেব।
তিনি আরও বলেন, এমনটা হতে পারে যে, আমার নামে একটি আইডি খুলে এডমিন করে আইডিটা ডিএক্টিভেটেড করে রাখা হইছে যাতে সার্চ করে আমার নামে একটি আইডিই পাওয়া যায়।



























